কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।
গত শনিবার ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের পূত্র।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাকে অপরাধকালীন সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।