নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে ও সুশৃঙ্খলভাবে চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৮৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে বিরাজ করছে উৎসবের আমেজ। দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করছেন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা। পাশাপাশি টহল দিচ্ছে র্যাব ও বিজিবি।
আয়োজক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে। গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। ১৫ অক্টোবর পঞ্চমী এবং ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার জানান, কোন ধরনের বিশৃঙ্খলার আশংকা নেই। অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে উৎসব।