কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক স্ত্রী

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর
| আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৩:২৭ পিএম
কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক স্ত্রী
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সারে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ দর্জি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে সিম্পনী ডি৮৯ মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় ১৪(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদ দর্জিকে ১ কেজি গাজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক ফাতেমা বেগমকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে