রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আজ শুক্রবার ভোরে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাস্থলে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।