যশোরের চৌগাছায় নুরুল আলম @ লুৎফর মাস্টার (৬৫) নামে একজন প্রবীণ শিক্ষক ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত রফি উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা ১১টার সময় নুরুল আলম ভ্যানযোগে শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তিনি ইসলামি ব্যাংকের সামনে পৌছাঁলে একটি ট্রাক ( সাতক্ষীরা -ট- ১১-০১৯৩) নুরুল আলমের বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়। এসময় তিনি চলন্ত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তিনি সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ট্রাক ও তার চালক শাহিন হোসেন পুলিশ হেফাজতে আছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।