নওগাঁর মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের সার্বিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী লায়লা আঞ্জুমান বানু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই অঙ্গীকার নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় স্বাবলম্বী পরিবার গঠনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও উল্লেখ করেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিটি প্রকৃত যোগ্য পরিবারের হাতে এ কার্ড পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।