শেরপুরে মানহানিকর ফটোকার্ড প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:১২ পিএম
শেরপুরে মানহানিকর ফটোকার্ড প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর বক্তব্যসংবলিত ফটোকার্ড প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাইদ শেখ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে  সংবাদ সন্মেলন করেছেন।

সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক অভিযোগ  তুলে ধরে জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকার ছবি ব্যবহার করে ‘অঘঅঝ অকঅঘউঅ’ এবং ‘ঝযধভরয় ঞধহারৎ’ নামের দুটি ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড তৈরি ও প্রচার করা হয়েছে। প্রচারিত ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘৫০ বছরের শিক্ষক পালিয়ে গেলেন ৪০ বছরের শিক্ষিকাকে নিয়ে।’ গত ৮ ও ১০ অক্টোবর লোক মারফত বিষয়টি জানতে পারেন । তার দাবি, ফটোকার্ডটি বিভিন্ন মানুষের মোবাইল ফোনেও ছড়িয়ে পড়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রধান শিক্ষক আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের ফটোকার্ড তৈরি ও প্রচার করেছে, তা তাঁদের জানা নেই। তবে এ ধরনের প্রচারণা সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামও এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করে যাচাইবিহীন, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর বক্তব্য প্রচার করা অনুচিত। কোনো তথ্য বা ছবি প্রকাশের আগে এর সত্যতা, প্রাসঙ্গিকতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে প্রচারিত ফটোকার্ডের উৎস, এর পেছনের উদ্দেশ্য এবং তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া, ভবিষ্যতে এ ধরনের প্রচারণা বন্ধ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ সময়  সংবাদ সন্মেলনের সময় অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে