দায়িত্ব পালনে অবহেলা ও শিক্ষার্থীদের পাঠদানে অমনোযোগের অভিযোগ তুলে কয়রার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলির আবেদন করেছেন এলাকাবাসী। এ বিষয়ে কয়রা উপজেলা শিক্ষা অফিসার সহ খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত আবেদন করা হয়েছে। আবেদন সূত্রে জানা গেছে, খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৫৭ নম্বর অর্জনপুর কাটনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক (বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক) সমীরণ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এ আবেদন করা হয়। গত ৫ অক্টোবর করা আবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা নিকট পাঠানো হয়েছে। এর অনুলিপি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। লিখিত আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের দায়িত্ব পালনে অবহেলা করছেন এবং শ্রেণি কক্ষে পাঠদানের পরিবর্তে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। এ ছাড়া বিদ্যালয়ে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান না করার অভিযোগও তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকেরা একাধিকবার বিষয়টি নিয়ে কথা বললেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। আবেদনে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অভিযুক্ত শিক্ষককে অন্যত্র বদলি করা প্রয়োজন। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনকারি স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ সরকার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, অভিযোগের বিষয় তদন্ত করা হবে। দোষি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ চন্দ্র মণ্ডলের নিকট জানতে চাইলে তিনি জানান, আমাকে হয়রানী করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।