রাণীশংকৈল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০অক্টোবর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইশরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় পূজাউদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি নুর নবী, পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলাম সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার মোতায়েনসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।