আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৪ এএম
আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আবুধাবির ঐতিহাসিক শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার দুপুর ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যোগ হচ্ছে নতুন এক অভিজ্ঞতা। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে নামছে টাইগাররা। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবু বাংলাদেশের জন্য এর গুরুত্ব কম নয়। সংযুক্ত আরব আমিরাতে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে দেশটিতে এবারই প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ। আমিরাতে বাংলাদেশের আগের বেশির ভাগ ম্যাচই হয়েছে দিবারাত্রির সংস্করণে। নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ১১টি দলের। এ তালিকায় সবচেয়ে এগিয়ে পাকিস্তান। ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে নিরপেক্ষ মাঠে ৩৯টি টেস্ট খেলে ১৯টিতে জয় পেয়েছে তারা। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া খেলেছে ১৪টি ম্যাচ, জয় ৭টিতে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল নিরপেক্ষ ভেন্যুতে ১০টির বেশি টেস্ট খেলেনি। সবচেয়ে কম দুটি ম্যাচ খেলেছে ভারত। টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে সীমাবদ্ধ। দুটিই হয়েছে বাংলাদেশের মাটিতে। দুই দলই পেয়েছে একটি করে জয়। ২০১৯ সালে চট্টগ্রামে প্রথম দেখায় বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। চার বছর পর ২০২৩ সালে সেই হারের জবাব দেয় বাংলাদেশ। মিরপুরে আফগানদের ৫৪৬ রানে হারিয়ে বড় জয় তুলে নেয় টাইগাররা। ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে আছেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে দুটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ২৭০ রান। চার ইনিংসে ১৯১ রান নিয়ে তার পরেই আছেন মুমিনুল হক। বল হাতে অবশ্য সবচেয়ে সফল আফগানিস্তানের রশিদ খান। দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে আছে দুটি পাঁচ উইকেটের শিকার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল ইসলাম, চার ইনিংসে তার ঝুলিতে ৮ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট শেষ করেই সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। আবুধাবি ও শারজায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। টেস্টের মতো ওই সিরিজেও স্বাগতিকের মর্যাদা থাকবে আফগানিস্তানের।

আপনার জেলার সংবাদ পড়তে