মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী ও আসবাবপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাউশিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই নান্দনিক ও মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।
বাউশিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ এবাদুল হক,এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্ব রাইসুল ইসলাম রিকু। প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান রতন বলেন, "শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং নারীদের স্বাবলম্বী করার এই উদ্যোগ বাউশিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবার মান বাড়াতে চিকিৎসা সামগ্রী বিতরণ অত্যন্ত প্রশংসনীয় কাজ। তিনি এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।