কাপাসিয়ায় তিন বছর ধরে নিজ সন্তানকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা গ্রেফতার

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ পিএম
কাপাসিয়ায় তিন বছর ধরে নিজ সন্তানকে যৌন নিপীড়নের অভিযোগে বাবা গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়ায় ১৬ বছর বয়সী কিশোরী মেয়েকে গত তিন বছর ধরে যৌন নিপীড়নের অভিযোগে পিতা মাসুদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর থানার জিরানি গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে কাপাসিয়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। ভুক্তভোগী কিশোরী জানায়, গত তিন বছর ধরে বাড়িতে তাকে একা পেয়ে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিল তার জন্মদাতা বাবা। শুরুতে বিষয়টি তার মাকে জানালেও মা কোনো পদক্ষেপ না নিয়ে তা এড়িয়ে যান। এর আগে পরিবারটি কালিগঞ্জের ঘোড়াশাল এলাকায় থাকার সময় বিষয়টি জানাজানি হয়ে গেলে তারা বাসা পরিবর্তন করে কাপাসিয়ার মধ্যপাড়ায় চলে আসেন। তবে এলাকা বদলালেও বাবার এমন পাশবিক মানসিকতা থেকে রেহাই পায়নি কিশোরীটি। পরবর্তীতে উপায় না পেয়ে ভুক্তভোগী মেয়েটি তার বান্ধবীদের কাছে পুরো ঘটনাটি শেয়ার করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ৫ অক্টোবর সোমবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাসুদ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর স্বীকারোক্তি ও অভিযোগের ভিত্তিতে কাপাসিয়া থানায় যৌন নিপীড়নের অপরাধে একটি মামলা (মামলা নং- ১০) দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামিকে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি নাসির আহমদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও জঘন্য। ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এদিকে একজন বাবার এমন ঘৃণ্য ও পাশবিক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত মাসুদ মিয়ার দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে