বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনটির খুবই বেহাল দশার সৃষ্টি হয়েছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পরিষদে কর্মরত লোকজন চরম ঝুঁকিতে রয়েছেন। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণার মাধ্যমে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার দোলুয়াগুনি বাজারে অবস্থিত বড়বাড়িয়া ১ নং ইউনিয়ন পরিষদ ভবনটির অনেক অংশের ছাদ ভেঙে পড়ছে। প্রতিটি কামরা খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় প্রতিদিন পরিষদে বিভিন্ন কাজে আসা লোকজন ও পরিষদে কর্মরতরা চরম ঝুঁকিতে রয়েছেন। পরিষদে দায়িত্বরত লোকজন মাথায় হেলমেট পরে অফিসের কাজ করছেন। বাইরে থেকে আগতরাও হেলমেট ছাড়া ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছেন। এ অবস্থায় দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মণ করা জরুরি বলে দাবি সংশ্লিষ্টদের।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোরশেদুর রহমান জানান, পরিষদ ভবনের একটি রুমও ভালো নেই। এখানকার হল রুম, তথ্যসেবা কেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সেখানে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন। অনেকের মাথায় ছাদের পলেস্তারা খসে পড়েছে। হেলমেট পরে অফিস করতে হচ্ছে তাদের। এতে পরিষদের কার্যক্রম দারুণ ভাবে ব্যহত হচ্ছে। বিষয়টি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। এ বিষয়ে বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মাসুদ সরদার জানান, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।