আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০২:৫৬ পিএম
আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর ) দুপুরে  আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখা এই সভার আয়োজন করে। সভাস্থলকে ব্যানার, ফেস্টুন ও রঙিন সামিয়ানা দিয়ে সুসজ্জিত করা হয়। আটোয়ারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি  মোঃ রেজা আল মামুনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক  মোঃ তারেক হোসেন চৌধুরী সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জুলফিকার আলী। তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপট, ১০ম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতি জটিলতা নিরসন এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় কমিটির ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, "প্রাথমিক শিক্ষাই জাতি গঠনের মূল ভিত্তি। শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকলে কোন দাবিই আদায়ের বাইরে থাকবে না।"

সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি জনাব এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখার সভাপতি জনাব মোঃ আসাদুল্লাহ আজাদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ কেরামত আলী। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে