জেলা প্রশাসকের নতুন উদ্যোগ

চাঁদপুরে শুভ উদ্বোধন হলো ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’র

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ১১:২৯ এএম
চাঁদপুরে শুভ উদ্বোধন হলো ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’র

ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরে শুদ্ধ সংগীত চর্চা ও সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনা এবং গুণী শিল্পী গড়ার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই একাডেমি। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চাঁদপুর বরাবরই সংস্কৃতি ও গুণী মানুষের চারণভূমি। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির চেতনা ছড়িয়ে দেওয়া এবং তাদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার মননশীল মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের এই উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। এই একাডেমি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে বিষয়ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সহকারী কমিশনারবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূইয়া, রফিক আহমেদ মিন্টু, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদসহ জেলার সুধীজনেরা।

উপস্থিত অতিথিরা জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি মেধাবী, মননশীল ও মানবিক সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের এই একাডেমি স্থানীয় তরুণ ও উদীয়মান শিল্পীদের সঠিক অনুশীলনের সুযোগ দেবে এবং তাদের জাতীয় পর্যায়ে তুলে আনতে একটি শক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, নবপ্রতিষ্ঠিত ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’তে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শুদ্ধ সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন ও তবলা প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। সব বয়সের প্রশিক্ষণার্থীদের জন্যই একাডেমিটিতে ভর্তির সুযোগ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে