চাঁদপুর মেডিকেল কলেজে ইন্টার্নশিপ ও পরিচিতিমূলক কোর্স সম্পন্ন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৪:৪১ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে ইন্টার্নশিপ ও পরিচিতিমূলক কোর্স সম্পন্ন

চাঁদপুর মেডিকেল কলেজের ৩য় ব্যাচের নবীন চিকিৎসকদের বরণ ও রোটেটরি ইন্টার্নশিপ কর্মসূচি উপলক্ষে এক পরিচিতিমূলক কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর ২০২৬) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরের কনফারেন্স রুমে রেনাটা পিএলসির (জঊঘঅঞঅ চখঈ) সৌজন্যে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা হাসপাতালের চিকিৎসকদের এক মিলনমেলায় পরিণত হয়। ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. হারুন অর রশিদ, সাবেক ড্যাব সভাপতি ডা. জাহাঙ্গীর খান, প্রফেসর ডা. সালেহ আহমেদ, ইন্টার্ন কোঅর্ডিনেটর ডা. নূরে আলম মজুমদার এবং সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো.হাসানুর রহমান।

বক্তারা নবীন ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাগত জীবনের প্রথম পদক্ষেপে রোগীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল থেকে সেবা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ইন্টার্ন চিকিৎসকদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় চাঁদপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসকবৃন্দ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রেনাটা পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে