এসআরবির অভিযানে পৌনে ৭ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১১ পিএম
এসআরবির অভিযানে পৌনে ৭ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. আল-মামুন (৪০) পালিয়ে যান। মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মেহেদী ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মেহেদীর বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও আল-মামুন পালিয়ে যান। পরে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে হেরোইনগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে