মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী ভাঙন পরিদর্শনে এমপি, সমাধানের আশ্বাস

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী ভাঙন পরিদর্শনে এমপি, সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি সরেজমিনে দেখেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগের কথা এমপির নিকট বলেন।

বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই এমপি আব্দুল্লাহ পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ফোনে ভিডিওকলে কথা বলেন।  মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকার ভয়াবহতা সরাসরি দেখান এবং নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি ঝুঁকিতে পড়ার বিষয়টি অবহিত করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রী ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি  বাড়িঘর বিলীন হয়েছে।অনেক পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হতে পারে। তাই ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। বিষয়টি পানি সম্পদ মন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে