নোয়াখালীর সেনবাগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এমদাদুল হক প্রকাশ মুন্না (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদুল হক প্রকাশ মুন্না সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমিরুল ইসলাম কোম্পানীর বাড়ির বাবুপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের সেনবাগ রাস্তার মাথা এলাকায় চৌমুহনী-ফেনী মহাসড়কের পাশে বিসমিল্লাহ অটো সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এমদাদুল হক প্রকাশ মুন্নাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত মুন্নাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।