শার্শায় বাঁওড় দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম
শার্শায় বাঁওড় দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫

যশোরের শার্শায় আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি বাঁওড়ের দখল নিয়ে বিরোধের জেরে শটগানের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী কন্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কন্যাদহ গ্রামের মৃত মতিয়ার গাইনের ছেলে শাহ আলম (৩৮), খলিল গাইনের ছেলে আব্দুল্লাহ (৩২), হাশেম গাইনের ছেলে মিঠু (৩০), বকুলের ছেলে শাকিল (১৫) ও আকবার আলীর ছেলে আকাশ (২০)।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০ টার পর তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কন্যাদহ গ্রামে আধিপত্য বিস্তার ও একটি স্থানীয় বাঁওড়ের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পক্ষের অভিযোগ, একই গ্রামের নূর ইসলাম বদ্দীর ছেলে আশানুর, শাহজাহানের ছেলে ইমলু, মৃত কোরমানের ছেলে শাহাজান, মৃত মিজানুরের ছেলে সিরাজুল ও তাঁদের সহযোগীরা তাঁদের ওপর হামলা করেন। একপর্যায়ে আশানুর শটগান থেকে গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, আহত ব্যক্তিদের শরীরে শটগানের ছররার আঘাত রয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রাত সাড়ে ১০ টার পর গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘটনার পর কন্যাদহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত  পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে