স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসি এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সহকারী সার্জন পদের ক্যাডার কোড ৪১০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদের ক্যাডার কোড ৪৫০। সহকারী সার্জন পদে আবেদনের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বাংলাদেশের নাগরিকরা লিঙ্গ নির্বিশেষে এ বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন।
সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তবে ওই সময়ের মধ্যে আবেদন করে User ID পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো ফি গ্রহণ করা হবে না।
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। এর সঙ্গে ভ্যাট, ডেটা ভেরিফিকেশন, আইটি ও সংশ্লিষ্ট টেলিটক চার্জ বাবদ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে।
একাধিক ফরম পূরণ না করতেও প্রার্থীদের সতর্ক করা হয়েছে।
এমবিবিএস বা সমমান এবং বিডিএস বা সমমান পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফল আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে প্রকাশিত না হলেও তারা আবেদন করতে পারবেন।
তবে সংশ্লিষ্ট সব লিখিত পরীক্ষা অবশ্যই ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেষ হতে হবে। পরে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে হবে। তা না হলে প্রার্থিতা বাতিল হবে।
বিদেশ থেকে অর্জিত ডিগ্রি বা ভিন্ন নামে অর্জিত সমমানের ডিগ্রির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইকুইভ্যালেন্স সনদ দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ইস্যু করা সাময়িক বা স্থায়ী নিবন্ধন সনদের সত্যায়িত কপিও জমা দিতে হবে।
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৫১তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে।
লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এতে মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে বরাদ্দ থাকবে। ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ এবং গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে।
এ ছাড়া সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের প্রাসঙ্গিক বিষয়ের জন্য থাকবে ১০০ নম্বর।
বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। পিএসসি জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যেই লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পরীক্ষার বিষয়ে প্রার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ধরনের তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, প্রয়োজনীয় তথ্য গোপন করা, জাল সনদ দাখিল, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিল করা হতে পারে।
এ ছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলেও প্রার্থিতা বাতিল হতে পারে। এসব অনিয়মের ক্ষেত্রে ভবিষ্যতের সরকারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা এবং আইনানুগ বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর, মৃত্যু, পদত্যাগ, অপসারণসহ বিভিন্ন কারণে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও বিজ্ঞপ্তিতে পদসংখ্যা পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে প্রার্থীদের সে বিষয়ে সতর্ক করা হয়েছে।