সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাকিবুল হাসান ক্যান্টনমেন্ট থানার ওসি থাকাকালে গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিভিন্ন বক্তব্য শোনা যায় বলে অভিযোগ ওঠে।
অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলতে শোনা যায়। পাশাপাশি পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও করা হয়।
অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। তাকে রাজারবাগে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
পরে অডিওটির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের ওই কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদর দপ্তরের দুজন কর্মকর্তা ছিলেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
মামলাটি ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) বাদী হয়ে করেন বলে পুলিশ জানিয়েছে। মামলায় দণ্ডবিধির ১৫৩ ও ১২৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রাকিবুলকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনের মূল বিষয় ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
ছড়িয়ে পড়া অডিওতে রাকিবুল হাসানের নামে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে মাঠপর্যায়ের পুলিশ কিছু করতে পারবে না। ওই কথোপকথনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ করা হয়।
অডিওতে পুলিশের পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়। সেখানে ‘মনির’ নামে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালকের মাধ্যমে ওসি পদায়নের কথা বলা হয়। অর্থের বিনিময়ে পদায়ন হচ্ছে বলেও অভিযোগ করা হয় ওই অডিওতে।
এ ছাড়া অডিওতে পুলিশের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান নিয়েও নানা মন্তব্য রয়েছে।
রাকিবুলকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিকে ডিএমপির এক আদেশে পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।