ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে জনসচেতনতামূলক প্রচার অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল। ২০ সেপ্টেম্বর দিনব্যাপী এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক, রেললাইনের আশপাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশা নিধন যন্ত্রের মাধ্যমে ওষুধ প্রয়োগ করেন। একই সঙ্গে গোয়ালপাড়া, কলাহাটি ও ফলহাটিসহ বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো হয়। কর্মসূচির অংশ হিসেবে মাইকিং করে ডেঙ্গুর ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুগ্ম আহ্বায়ক আবদুল সাত্তার বকুল, খালেদ হাবিব ও জাকির হোসেন মেনন। এ ছাড়া সৈয়দপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ রেজা, সদস্য সচিব গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মাসুম উদ্দিন এবং সৈয়দপুর পৌর যুবদলের আহ্বায়ক সালাম রেজা, সদস্য সচিব কামরান উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
যুবদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; জনসচেতনতা ও সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টাও প্রয়োজন। মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।