দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার। বাংলাদেশে চিকিৎসা নেওয়ার পর তার দুটি কিডনিতেই জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের জন্য বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আনোয়ার হোসেন সরকারের স্ত্রীর একটি কিডনি তার শরীরে প্রতিস্থাপন করা হবে। এ উদ্দেশ্যে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি বাংলাদেশ থেকে চেন্নাইয়ে পৌঁছেছেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে হঠাৎ করে আনোয়ার হোসেন সরকারের শরীর শুকিয়ে যেতে শুরু করে। শারীরিক নানা সমস্যার কারণে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষা করে তার দুটি কিডনিই আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। এরপর বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নেওয়া হলেও শেষ পর্যন্ত কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আনোয়ার হোসেন সরকারের বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মতর গ্রামে। তিনি পেশায় একজন দলিল লেখক। স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন।
বর্তমানে চেন্নাইয়ে চিকিৎসাধীন আনোয়ার হোসেন সরকার তার সুস্থতার জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে চান।