সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় ৭০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে পৌরসভার পিড়াসন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন রহনপুর পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউএনও জিল্লুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। রহনপুর পৌর এলাকায় সবুজ ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে । পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।