রাজশাহীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীতে হঠাৎ জলোচ্ছ্বাসের মতো বড় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত মাঝি ও জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। শনিবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। গত বুধবার রাত ১০টার দিকে পদ্মায় হঠাৎ পানির উচ্চতা বেড়ে বড় বড় ঢেউ সৃষ্টি হয়। এতে একটি নৌকা ভেসে যায় এবং একটি নৌকা তলিয়ে যায়। নষ্ট হয় মাছ ধরার জাল ও সরঞ্জাম।
নৌকা রক্ষা করতে গিয়ে আহত হন রিমোন হোসেন ও তাঁর স্ত্রী। নৌকার ধাক্কায় রিমোনের পা ভেঙে যায়। বর্তমানে তিনি কাজ করতে পারছেন না। অন্যদিকে, জারজিস মাঝির একমাত্র নৌকাটি জাল ও সরঞ্জামসহ ডুবে যায়। এতে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতেই তাঁদের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি ও চরাঞ্চলের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, পবা উপজেলার মধ্যচরে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।