চাঁদপুর হাসপাতালের

এইচআইভি ও যক্ষ্মা ইউনিট পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম
এইচআইভি ও যক্ষ্মা ইউনিট পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের এইচআইভি/এইডস ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সেবা কার্যক্রম পরিদর্শন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য সেবা বিভাগের বিশ্বস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি-র নেতৃত্বে টিমটি হাসপাতালে পৌঁছায়। পরিদর্শনের শুরুতে চাঁদপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান অতিরিক্ত সচিবসহ প্রতিনিধি দলকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি হাসপাতালের এইচটিসি (ঐঞঈ) ও এআরটি (অজঞ) সেন্টার, জিন এক্সপার্ট ল্যাবরেটরি এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সার্বিক কার্যক্রম সরজমিনে প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, এই সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের এইচআইভি পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করা হয়ে থাকে। একই সাথে প্রতিনিধি দল হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ও সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সেবার মান ধরে রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকারী টিমে উপস্থিত ছিলেন-শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্য সেবা বিভাগ,

 মো. মামুনুর রশীদ, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য অধিশাখা), মো. আবদুল আজিজ, উপসচিব (বিশ্বস্বাস্থ্য-১ শাখা), মো. আবদুল ওয়ারেছ আনসারী, সিনিয়র সহকারী সচিব। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী এবং চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকমণ্ডলী। পরিদর্শন শেষে প্রতিনিধি দল হাসপাতালের বিশেষায়িত ইউনিটগুলোর সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি এ বিনামূল্যে চিকিৎসা সেবা যেন সাধারণ রোগীরা নির্বিঘ্নে পান, তা নিশ্চিত করার ওপর জোর দেন।

আপনার জেলার সংবাদ পড়তে