মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ পিএম
মতলবে ৪ কিমি সড়কের বেহাল অবস্থা, মানুষের চরম ভোগান্তি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার থেকে বহরী এরিয়া/এয়ারপোর্ট হয়ে বহরী আড়ং বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি এখন এক মারাত্মক 'মৃত্যুফাঁদে' পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা এই সড়কে চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অন্তত ৬ থেকে ৭টি গ্রামের হাজার হাজার মানুষ।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৬ বছর আগে রাস্তাটি প্রথম পাকা করা হয়। পরবর্তীতে ৮ বছর আগে একবার নামমাত্র সংস্কার করা হলেও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে অল্প দিনেই পিচ-ঢালাই ও ইট-সুরকি উঠে গিয়ে পুরো সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য বিপজ্জনক গর্তের।

বর্তমানে সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীরা; অনেক সময় জরুরি চিকিৎসার জন্য জেলা বা উপজেলা সদরে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে। পাশাপাশি স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বহরী আড়ং বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বকাউল এবং স্থানীয় বাসিন্দা সুরুজ, বারেক, রিপন ও সোবহান ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে এই ব্যস্ত সড়কটি চরম অবহেলায় পড়ে আছে। বাজারে মালামাল আনা-নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। জনভোগান্তি কমাতে আমরা অবিলম্বে প্রশাসনের কাছে সড়কটি টেকসই সংস্কারের দাবি জানাচ্ছি।"এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, "সড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে। আশা করছি খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।" এলাকাবাসীর আকুল আবেদন-বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন সড়কটি পুনর্র্নিমাণের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে