চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়নাল আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে ফার্নিচারের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকানপাট বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। পরে গভীর রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই চারটি দোকান সম্পূর্ণ এবং একটি আংশিক ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন জানান, "রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোয়া ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর নিশ্চিত কারণ জানা যাবে।" এ বিষয়ে আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, "সকালে ইউপি সদস্য সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে এবং সহায়তার জন্য তা উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।"