বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের: মানজারুল মান্না

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৯ পিএম
বেনাপোল বন্দর উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের: মানজারুল মান্না

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না। তিনি বলেছেন, বন্দরের উন্নয়নে নতুন এক্সেস প্রজেক্টের ম্যাপ করা হয়েছে। পাশাপাশি পুরো বন্দরে পানি নিষ্কাশনব্যবস্থা, শ্রমিকদের জন্য হাসপাতাল, নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হবে।

আজ বৃহস্প্রতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি বন্দরের বিভিন্ন শেড ঘুরে ঘুরে দেখেন এবং বন্দরের অবকাঠামো, পণ্য ওঠানামার স্থান, শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং পানি নিষ্কাশনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বেনাপোল বন্দরে একটা বিশাল পরিবর্তন হবে। একটি নতুন এক্সেস প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে। কোথায় কী করা হবে, সেটির একটি ম্যাপ করা হয়েছে। সেই অনুযায়ী কাজ করা হবে। পানি নিষ্কাশনব্যবস্থা নিয়ে তিনি বলেন, পুরো বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। বন্দরের বিভিন্ন স্থানে পানি জমে যাতে কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে চেয়ারম্যান বলেন, শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করা হবে। বন্দরে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি।

নিরাপত্তা প্রসঙ্গে মানজারুল ইসলাম মান্না বলেন, সিকিউরিটি ১০০ শতাংশ দেওয়া হবে। পুরো বন্দর সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এর মাধ্যমে বন্দরের বিভিন্ন কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি। বন্দরে অনিয়ম ও অসাধু কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে চেয়ারম্যান বলেন, সকলকে সৎ হতে হবে। যারা কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রম, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের মধ্যে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুল হক, সহকারী পরিচালক পার্থ ঘোষ, আব্দুল হান্নান ও সঞ্জয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও  উপস্থিত ছিলেন- বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলীসহ সংশ্লিষ্ট শ্রমিক প্রতিনিধিরা। পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে