চাঁদপুরে ডোপ টেস্টের কথা শুনে ফাঁড়ি ছেড়ে চলে গেলেন এসআই

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম
চাঁদপুরে ডোপ টেস্টের কথা শুনে ফাঁড়ি ছেড়ে চলে গেলেন এসআই

চাঁদপুর শহরে ডোপ টেস্টের উদ্যোগ নেওয়ার পর থেকেই কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন মামুন উর রশিদ নামের এক উপ-পরিদর্শক (এসআই)। সন্দেহজনক আচরণ করায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার প্রক্রিয়া শুরু হলে গত ১৫ সেপ্টেম্বর তিনি ফাঁড়ি থেকে চলে যান।

জানা গেছে, চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত মোট ১৮ জন পুলিশ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । ডোপ টেস্টের বিষয়টি জানতে পেরে তিনি গত ১৫ সেপ্টেম্বর ফাঁড়ি থেকে চলে যান এবং এরপর থেকেই তিনি লাপাত্তা রয়েছেন। এ ছাড়া তিনি নিয়মিত মাদক সেবন করতেন বলেও জানা গেছে।

পুলিশের তৎপরতা ও ইনচার্জের বক্তব্য: চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে ফিরিয়ে আনতে তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে। নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত দুদিন ধরেই তার বাসায় পুলিশ সদস্য পাঠানো হলেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে