বরিশালের মুলাদীতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাজিরচর ও বোয়ালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ১৪ টি ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও ওজন মাপার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মুলাদী থানায় পৃথক মামলা দায়ের শেষে আজ বুধবার সকালে বিচারকের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মুলাদী থানার কাজিরচর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১৪ টি ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির টাকা ও পরিমাপের সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছেন, মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্ণীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাসুম (৩২) ও মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল (৪২), কাজিরচর ইউনিয়নের কাজিরচর কোলানিয়া গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩২) এবং কাজিরচর গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (১৮)। অপরদিকে, বোয়ালিয়া ফাঁড়ি থেকে পুলিশের একটি দল চরকালেখান ইউনিয়নের ষোলঘর এলাকায় অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তারা হলেন - বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের বাবুল কাজীর ছেলে ফিরোজ কাজী (৩২) এবং সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকার আব্দুল গনি সরদারের ছেলে আনোয়ার সরদার (৩৫)।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে মুলাদী থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।