ডেঙ্গুর প্রকোপে দেশে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৫৭০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৮২ জন।
মৃত্যুর হিসাবেও সেপ্টেম্বরেই পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। চলতি মাসের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ। আগস্টে মারা গেছেন ৪৩ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি চাপ ছিল ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ৩৮৮ জন ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৭০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন।
ঢাকার বাইরে খুলনা বিভাগে ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৯১ জন করে, ময়মনসিংহে ১১০ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৮৬ জন এবং সিলেট বিভাগে সাতজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর মৃত্যু হয় ৪১৩ জনের।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা এখনো আগের দুই বছরের তুলনায় কম। তবে সেপ্টেম্বর মাসে মৃত্যুর হার ও নতুন রোগী ভর্তির চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।