ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. সাদেক আলী (২৭) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত অপর নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতরা উভয়েই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া থেকে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক আলী। চালক ও আরও চার যাত্রীবাহী অটোরিকশাটি নগরীর আকুয়া বাইপাস মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি এবং ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এ সময় চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।