খিলগাঁওয়ে অজ্ঞাত লাশ, ৩৬ ঘন্টায় রহস্য উদঘাটন

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
খিলগাঁওয়ে অজ্ঞাত লাশ, ৩৬ ঘন্টায় রহস্য উদঘাটন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসছিল এক ব্যক্তির লাশ। গত বুধবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। বৈজ্ঞানিক পদ্ধতিতে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম পরিচয় উদঘাটন করা হয়।

তদন্তে জানা যায় অজ্ঞাতনামা ব্যক্তির নাম মো: জজ মিয়া (৪৪) পিতার নাম মোঃ আনোয়ার হোসেন, স্থায়ী ঠিকানা মসুরাকান্দা, বুইদ্দার বাজার, বন্দর, নারায়ণগঞ্জ। তিনি খিলগাঁও এর অস্থায়ী বাসিন্দা ছিলেন।

ঘটনার পরেই তদন্তে নিহত ব্যক্তির পরিচয় উদঘাটন, হত্যাকাণ্ডের কারণ, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম পরিচয় সনাক্তকরণ, আলামত সংগ্রহ সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করে খিলগাঁও থানা পুলিশ।

তদন্তের এক পর্যায়ে ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ায় ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মোঃ আব্দুল্লাহ (৩৩) কে মেরুল বাড্ডার আনন্দনগর, এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে, প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে, ভিকটিমের সিডিআর ও সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনায় এবং ঘটনার পারিপার্শ্বিকতায় জানা যায়, গত ৮ সেপ্টেম্বর জজ মিয়া তার বর্তমান ঠিকানার বাসা থেকে বের হয়। ০৯ সেপ্টেম্বর অনুমান সাড়ে বারোটার দিকে ঢাকার বাড্ডা থানাধীন মেরুল বাড্ডাস্থ জনৈক মতি বাবুর বাউন্ডারীতে থাকা জনৈক মিন্টুর গ্যারেজে যায়। পূর্ব থেকেই উক্ত স্থানে অবস্থান করা গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীরা পরস্পরের যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে উপর্যপরি ধারালো চাকু দ্বারা আঘাত করতঃ ভিকটিম জজ মিয়ার মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে সিএনজি যোগে ডিএমপি খিলগাঁও থানাধীন ত্রিমোহনী ব্রীজের নিচে জিরানী খালে জজ মিয়ার লাশ ফেলে রেখে চলে যায়।

এই বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, প্রাথমিক তদন্তে, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ায় তাকে হত্যা করা হয়েছে মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে। প্রকৃতপক্ষেই পরকীয়ায় জড়িয়ে পড়ায় তাকে হত্যা করা হয়েছে কি না, বা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে জড়িত অন্যান্য আসামিদের নাম পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হলো না।

এই ঘটনায় ডিএমপি এর খিলগাঁও থানায় নিহত ব্যক্তির স্ত্রী রোজিনা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন যার এফআইআর নং-২১, তারিখ- ১০ সেপ্টেম্বর, ২০২৬ ধারা- 302/201/34, The Penal Code, 1860।

নিহত জজ মিয়ার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে আটটি মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে