রংপুর থেকে প্রকাশিত ও মুদ্রিত বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকা আগামী ১৭ সেপ্টেম্বর ৩৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। দীর্ঘ ৩৪ বছরের পথচলায় পত্রিকাটি উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও নানা জনদুর্ভোগের কথা তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করেছে।
১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করা দৈনিক যুগের আলো সময়ের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৩৫তম বর্ষে পা রাখতে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের বিষয় তুলে ধরা এবং উত্তরাঞ্চলের মানুষের কথা বলার ক্ষেত্রে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত এ দৈনিকটি রংপুরসহ উত্তরাঞ্চলের সংবাদপত্র জগতে ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। স্থানীয় ও জাতীয় নানা গুরুত্বপূর্ণ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, উন্নয়ন ও সম্ভাবনার খবর এবং সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা নিয়মিতভাবে তুলে ধরছে পত্রিকাটি।
দৈনিক যুগের আলোর বর্তমান সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসা। তাঁর দক্ষ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে পত্রিকাটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। পরিবর্তিত সংবাদমাধ্যমের বাস্তবতায় পাঠকের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি পত্রিকাটির মান ও গ্রহণযোগ্যতা ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দীর্ঘ পথচলায় দৈনিক যুগের আলো শুধু একটি সংবাদপত্র নয়, বরং উত্তরাঞ্চলের মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটির নিয়মিত প্রকাশনা অব্যাহত থাকা এর প্রতি পাঠক ও সংবাদকর্মীদের আস্থারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৩৫ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, সংবাদদাতা, হকার, বিজ্ঞাপনদাতা ও অগণিত পাঠকের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নতুন প্রত্যাশা ও অঙ্গীকার নিয়ে আগামী দিনের পথচলায় দৈনিক যুগের আলো আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রেষ্ঠ কাউন্সিলর মো. আক্তার হোসেন ফেকু বলেন, যুগের আলো পত্রিকাটি কয়েক যুগ থেকে পড়ে আসছি। অন্যান্য স্থানের খবর কেমন হয় জানি না তবে সৈয়দপুরের নিয়মিত এবং গুরুত্বপূর্ণ খবর পেয়ে থাকি।
প্রকৌশলী আজিজুল ইসলাম কমল বলেন,যুগের আলো নিঃসন্দেহে একটি ভাল মানের পত্রিকা। সৈয়দপুর উপজেলার খবর প্রতিদিনেই বেশ কয়েকটি করে পাই। খবরগুলো জনগুরুত্বপূর্ণ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী বলেন,যুগের আলো একটি ভাল পত্রিকা। এ পত্রিকায় রংপুর বিভাগের সব খবরই পেয়ে থাকি।