দৌলতদিয়া পতিতাপল্লী থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম
দৌলতদিয়া পতিতাপল্লী থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার

দেশের বৃহত্তম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে হোসনে আরা হাসি (২৮) নামের এক যৌনকর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর মোঃ রুবেল নামের এক বাড়িওয়ালার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গত বুধবার সন্ধ্যার পর দৌলতদিয়া পতিতাপল্লীর মোঃ রুবেলের বাড়ীর একটি কক্ষে এক যৌনকর্মী মৃত অবস্থায় পড়ে থাকার সংবাদ দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে ঘটনাস্থলের আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্তের জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯ টার দিকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হাসির মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে এবং এতে মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ হাসিকে তার নিজ কক্ষে বিছানার উপর মৃত অবস্থায় পায়। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। ক্রাইমসিন ইউনিট সদস্যরা বিভিন্ন আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহ উদ্ধার করা হয়।

মোস্তাকের আটকের বিষয়ে তিনি বলেন, তাকে আটক করা হয়নি। পাশেই তার দোকান হওয়ায় মাঝে মাঝে হাসি সেখানে যেত। তাই তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। ক্রাইমসিনের কার্যক্রম শেষ হওয়ার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কথিত প্রেমিকের মারপিটে গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারকে মারপিট করে গুরুতর আহত করেন তার বাবু (কথিত প্রেমিক) মোঃ জুয়েল। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানেও তার অবস্থার অবনিত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তার মৃত্যু হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে