স্বামীর কবরের পাশে সমাহিত হলেন আমেনা বেগম

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৪ পিএম
স্বামীর কবরের পাশে সমাহিত হলেন আমেনা বেগম

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা  বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায়  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

জানাজা শুরুর আগে মায়ের জন্য দোয়া চেয়ে এবং যারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় তিনি মায়ের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান।  জানাজায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী  আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জেলা প্রশাসক রোজী  আকতার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামান পিপিএমসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। ৯ সন্তানের জননী আমেনা বেগমের পঞ্চম সন্তান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এদিকে আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ বিভিন্ন মন্ত্রী-এমপি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে