রাজশাহীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম
রাজশাহীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার গুদাম থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘর নামের এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুত ও বিক্রির বিষয়ে গত দুই মাসে তাঁকে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গুদামে মজুত রাখায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গোদাগাড়ীর ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে তদারকি করা হচ্ছে। এতে দেখা যায়, কৃষি ঘরে যে পরিমাণ সার মজুত থাকার কথা, বাস্তবে তার চেয়েও বেশি আছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালতে ডিলারকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে