পাবনার একদন্তে আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি তমা হত্যা ও ধর্ষণ মামলার আসামী ছিলেন। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো : নাজমুল হক জানান, আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডিপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।