নতুন আধুনিক ওয়েবসাইট চালু করল বিএসইসি

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম
নতুন আধুনিক ওয়েবসাইট চালু করল বিএসইসি

বিনিয়োগকারী, শেয়ারবাজারের অংশীজন, সাধারণ জনগণকে আরও সহজে তথ্য ও সেবা দিতে নতুন এবং আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমান, সিপিএ-এর তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশনের উদ্যোগে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে একটি প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নেওয়া হয়েছে।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে সর্বসাধারণ বিএসইসির আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস রিলিজ, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধনপ্রাপ্ত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা, আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজেই দেখতে ও সংগ্রহ করতে পারবেন।

পাশাপাশি, নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিএসইসির বিভিন্ন সেবা এবং সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও সহজে পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য এবং সেবা-সংক্রান্ত বিষয় দ্রুত ও সহজে জানতে পারবেন। বিশেষ করে সেবা-সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে কাজ করবে।

বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে পাওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য ও সেবা-সংক্রান্ত বিষয় আরও সহজে ও দ্রুত জানতে পারবেন।

সর্বোপরি, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণের পাশাপাশি বিএসইসির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ওয়েবসাইট চালু হওয়ায় বিএসইসির পূর্ববর্তী ওয়েবসাইটটি রোববার (৬ সেপ্টেম্বর) থেকে বন্ধ থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে