নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৯ পিএম
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

পিরোজপুরের নাজিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত এবং গ্রেফতার করা হয়েছে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে।  রবিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে ও সকালে এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচলনা করা হয়। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে পরিচালিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন 'রিভারভিউ রেস্টুরেন্ট'-এর সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত সাগর বাইন উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, রোববার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের অপরাধে গোলক বৈদ্ধ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে। পরবর্তীতে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান করেন। এ সময় নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

এছাড়া নাজিরপুর থানা পুলিশের একই রাতের অভিযানে গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের রবিন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবিন্দ্রনাথ হালদার এবং নারায়ন চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার। অভিযানের বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে