সিলেট প্রেসক্লাবের ঐতিহ্য, সুনাম ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন।
তিনি বলেন, সিলেট প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব বর্তমান প্রজন্মের সাংবাদিকদের। সিলেটের সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যে সুনাম অর্জন করেছেন, তা ধরে রাখতে হবে। শনিবার সিলেট প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইব্রাহীম চৌধুরী খোকন বলেন, একটি প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম একদিনে তৈরি হয় না। দীর্ঘদিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা গড়ে ওঠে। তাই সিলেট প্রেসক্লাবের অর্জিত ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সাংবাদিক সমাজকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি সিলেট প্রেসক্লাবের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, সাংবাদিকতায় ইব্রাহীম চৌধুরী খোকনের দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্ব রয়েছে। কর্মক্ষেত্রে তাঁর পেশাদারিত্বের প্রতিফলন দেখা যায়। তিনি সিলেট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য আহমদ মারুফ, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, একে কাওছার, আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, ভাসানী ফাউন্ডেশনের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ এবং ইংরেজি প্রশিক্ষক আহমেদ ইয়াসিনসহ অনেকে।