পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশের একদিন পর লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতির পদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন চর আবদুল্যাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রব। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বরাবর এই পদত্যাগ পত্র দেন। উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে ১৪ নম্বরে সহ-সভাপতি পদে তার নাম থাকায় অপমানিত বোধ করায় তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে জানান সাবেক এই ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির একটি কমিটির তালিকা প্রকাশ করা হয়। সংসদ সদস্যের সুপারিশসহ স্বাক্ষরিত এই কমিটির তালিকা অনুমোদনের জন্য জেলা কমিটিতে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
বিএনপি থেকে পদত্যাগকারী নেতা মো. আবদুর রব বলেন, তিনি চর আবদুল্যাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লক্ষ্ণীপুর জেলা বিএনপি'র সাবেক সদস্য, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, নিবাচিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ২০২২ সালের অনুমোদিত উপজেলা বিএনপি ৫ নম্বর যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে নবগঠিত কমিটিতে ১৪ নম্বর সহ-সভাপতি পদ দেওয়ায় তাকে চরম ভাবে অপমানিত করা হয়েছে বলে তিনি মনে করেন। এতে তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে উপজেলা বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পদত্যাগ পত্র লক্ষ্ণীপুর জেলা বিএনপির এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পাঠানো হয়েছে বলে তিনি জানান। ১৯৯৯ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন সাবেক এই ইউপি চেয়ারম্যান। উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. আবদুর রবের পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শিরাজ উদ্দিন জানান, সাংগঠনিক নিয়ম অনুযায়ী জেলা বিএনপি তার পদত্যাগ পত্র গ্রহন করবে।