নতুন বাংলাদেশ গড়তে সীতাকুণ্ড বিএনপিতে ঐক্যের ডাক

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৭ পিএম
নতুন বাংলাদেশ গড়তে সীতাকুণ্ড বিএনপিতে ঐক্যের ডাক

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে সীতাকুণ্ডে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেছেন, রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার চৌধুরী স্কয়ারে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মোরসালিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তারা বলেন, তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব ও আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংগঠনের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেন তারা। সভায় বক্তারা ‘পতিত পরাশক্তি ও তাদের অনুসারীদের’ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তারা। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম, নুরুল আজিম মুকুল, মুক্তিযোদ্ধা মহরম আলী, ইদ্রিছ মিয়া, জিতেন্দ্র নারায়ন, খোরশেদ আলম মেম্বার ও শেখ সাহাবুদ্দিন।

এ সময় যুবদল নেতা সোহেল আরমান, আলাউদ্দিন ও মোমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন বাবর, নুরুদ্দিন ও আসলাম উদ্দিন এবং ছাত্রদল নেতা কোরবান আলী, লিয়াকত আলী বাবলু, শওকত হোসেন ও সেলিম মাহমুদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে