চাঁদপুরের কচুয়া উপজেলার সড়কের পাশে নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জনক।
নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, তার স্বামী অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। দুই বছর আগে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানসিক সমস্যা দেখা দেয়। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে। বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
নিহতের ছেলে রেজাউল জানান, তার বাবা কিছুদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে প্রায় সময় খুঁজে আনতে হয়। বাবা মানসিক ভারসাম্যহী বলে দাবী করেন তিনি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান, এরশাদ উল্লাহ কৃষি কাজ ও অটো রিক্সা চালিয়ে সংসার চালাতো। দুর্ঘটনার পর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে প্রায় সময় বাড়ি থেকে বের হলে আর ফিরে আসে না। গতকাল থেকে সে ফিরে না আসায় পরিবার তাকে খুঁজতে শুরু করে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা নারিকেল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছ। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।