বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকায় স্বাধীনতার বিজয় স্তম্ভ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্টেডিয়াম ও কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, কুড়িগ্রাম সরকারি কলেজ চত্ত্বরসহ শহরের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব ও জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণকালে তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়িত্ব পালনও জরুরি। বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।