সরাইলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজপথে সহস্রাধিক নেতা কর্মী

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ পিএম
সরাইলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজপথে সহস্রাধিক নেতা কর্মী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সরাইল উপজেলা বিএনপি গতকাল সকালে শাহবাজপুর তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক ডি.এম দুলাল। বিকাল সোয়া পাঁচ টায় উপজেলার ৯টি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতা কর্মী জড়ো হয়। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ১/১১ এর কারানির্যাতিত নেতা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বাধ্যযন্ত্র বাজিয়ে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি এক সময় মিছিলের রূপ ধারণ করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথ সভায় মিলিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের অনেক নেতা কর্মী বক্তব্য রাখেন। তারা সকলেই বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারূণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সরাইলে আনোয়ার হোসেনের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, ভবিষ্যতে সরাইলে কোন বহিরাগত প্রার্থীর ঠাঁই হবে না। দলের প্রতিষ্ঠাতাসহ সকল নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আনোয়ার হোসেন বলেন, আমরা যাদেরকে এমপি করেছি। ভোট দিয়েছি। সময়মত তাদেরকে কিন্তু আপনারা পাশে পাননি। আগামী উপজেলা নির্বাচনে হিসাব-নিকাশ করে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা আজকে এভাবে কথা বলতে পারতাম না। আমাদের মা, বাংলাদেশের মা, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেয়ার কাজে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতার আহবান জানিয়েছেন। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা সহস্রাধিক লোকের অংশ গ্রহণে র‌্যালি শেষে শহীদ মিনারে পথ সভা করেছেন। ওই র‌্যালিতে অংশ নিতে বাধ্যযন্ত্র বাজিয়ে নানা অঙ্গভঙ্গিতে বিকাল ২টার পর থেকেই উপজেলা সদরে জড়ো হতে থাকে লোকজন। খন্ড খন্ড মিছিল এক সময় বিশাল আকৃতির মিছিলে রূপ নেয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জনস্রোত দেখে অভিভুত হয়েছেন এমপি পাপন। 

আপনার জেলার সংবাদ পড়তে