বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি করেছে সদর পশ্চিম উপজেলা বিএনপি। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিতে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে দালাল বাজার এলাকা।
ব্যানার-ফেস্টুন হাতে, দলীয় স্লোগানে মুখর নেতাকর্মীরা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার এলাকা থেকে র্যালিটি বের করে সদর পশ্চিম উপজেলা বিএনপি। পরে ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় মিছিলের নগরীতে।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, ঐতিহাসিক প্রয়োজনে রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনগণও তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় এসে তিনি দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উপলব্ধি করতে পেরেছিলেন।
র্যালিতে সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য এই র্যালির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে সদর পশ্চিম উপজেলা বিএনপি।