সৈয়দপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম
সৈয়দপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

১ সেপ্টেম্বর দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) বিলকিস ইসলাম।

সভায় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু, শওকত হায়াত শাহ, রশিদুল হক সরকার, কাজী একরামুল হক ও আনোয়ার হোসেন প্রামানিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে